ফরিদপুরে বাবাকে পুড়িয়ে মারল ছেলে

0

সিটিনিউজবিডি : ফরিদপুরে ‘ছেলের দেওয়া আগুনে’ দগ্ধ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার ছোট ভাই এ টি এম রফিকুল হুদা।

আটচল্লিশ বছর বয়সী রফিকুল গত ছয় দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

বুধবার সকাল ৭টায় তার মৃত‌্যু হয় বলে বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান।

রফিকুলের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানান এই চিকিৎসক।

রফিকুল হুদার ভাই এ টি এম সিরাজুল হুদা জানান, দাফনের বিষয়ে তারা বড় ভাই এটিএম শামসুল হুদার সঙ্গে আলোচনা করবেন। সে অনুযায়ী ঢাকা অথবা ফরিদপুরে রফিকুলকে দাফন করা হবে।

ভগ্নিপতি আকরাম উদ্দিন আহমেদ জানান, রফিকুলের সদ্য এসএসসি উত্তীর্ণ ছেলে তার বাবার কাছে একটি মোটর সাইকেল চেয়েছিল। কিনে দিতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে সে পেট্রোল ঢেলে কমলাপুরের বাড়িতে আগুন দেয়। এতে রফিকুল গুরুতর দগ্ধ হন। তার স্ত্রী সিলভিয়া হুদার শরীরও সামান্য পুড়ে যায়।

রফিকুল হুদাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. নাজিম উদ্দিন বলেন, ওই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পুলিশ লাশ আসা পর্যন্ত অপেক্ষা করবে। পরিবার মামলা না করলে পুলিশই বাদী হয়ে মামলা করবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.