সিটিনিউজবিডি : ডিজিটাল পদ্ধতিতে যানবাহনের ফিটনেস পরীক্ষার জন্য আগামী ৩০ অক্টোবর ‘ভেহিকল ইনসপেকশন সেন্টার’ উদ্বোধনের মধ্য দিয়ে দেশের পরিবহন ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার নতুন মাত্রা পাচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার আকস্মিকভাবে মিরপুরের বিআরটিএ অফিস পরিদর্শনের সময় সেবাগ্রহিতাদের সঙ্গে মতবিনিময়ে এ মন্তব্য করেন মন্ত্রী।
তিনি বলেন, “সম্প্রতি বিভিন্ন ব্যবস্থা নেওয়ায় বিআরটিএ-এর সেবার মান বেড়েছে, কিন্তু দালালদের দৌরাত্ম কিছু রয়েছে। এ অবস্থার আরও উন্নতি করতে হবে।”
ভিআইসি চালু হলে ফিটনেস টেস্টের জন্য যানবাহন বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন সেন্টারে আনতে হবে।
এখন ‘ম্যানুয়ালি’ গাড়ির ফিটনেস পরীক্ষা করে একজন মোটরযান পরিদর্শক গাড়ির ফিটনেস সনদ দিয়ে দেন বলে ত্রুটিপূর্ণ গাড়িও অনেক সময় ফিটনেস সার্টিফিকেট পেয়ে যায়। এমনকি গাড়ি না নিয়ে এসেও ঘুষের বিনিময়ে ফিটনেস সনদ পেয়ে যাওয়ার অভিযোগ এসেছে বিভিন্ন সময়ে।
৩০ অক্টোবর বিআরটিএ যে ভেহিকল ইন্সপেকশন সেন্টার (ভিআইসি) চালু করছে, সেখানে স্বয়ংক্রিয় পদ্ধতিতে কয়েকটি ধাপে গাড়ির ফিটনেস পরীক্ষা করা হবে। তাতে ফাঁকির সুযোগ অনেকাংশে কমে আসবে বলে বিআরটিএ কর্মকর্তারা মনে করছেন।
দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় এই প্রযুক্তি সংযোজনে ব্যয় হচ্ছে ২৭ কোটি টাকার বেশি। বিআরটিএ- এর পরিদর্শকদের এ বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
বিআরটিএ-এর গত অগাস্ট মাসের হিসাব অনুযায়ী, সারা দেশে বিভিন্ন ধরনের নিবন্ধিত যানবাহনের সংখ্যা ২৭ লাখ ১৩ হাজারের বেশি। এর মধ্যে ১৬ লাখই মোটরসাইকেল যার ফিটনেস পরীক্ষা হয় না। বাকি নয় লাখ বিভিন্ন ধরনের যানবাহনের মধ্যে চার লাখেরই ফিটনেস নেই।
