ওয়াসিমের ঘূর্ণিতে পাকিস্তানের জয়

0

খেলাধুলা : ইমাদ ওয়াসিমের ঘূর্ণিজাদুতে টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে পাকিস্তান। উইকেটে বোলারদের জন্য বেশ সহায়তা ছিল বলে এরপরও আশা ছিল ওয়েস্ট ইন্ডিজের। তবে বিশ্ব চ্যাম্পিয়নদের গুঁড়িয়ে পাকিস্তানকে সহজ জয় এনে দিয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যানরা।

শুক্রবার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান জিতেছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতে ১১৫ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৪ ওভার ২ বলে এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

পাকিস্তানে জয়ে বড় ভূমিকা রাখেন বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিম। ৪ ওভারে ১৪ রান খরচায় তুলে নেন ৫ উইকেট। ওয়াসিমের ঘূর্ণিতে অন্য ব্যাটসম্যানরা কাবু হলেও ক্যারিবীয়দের হয়ে ডোয়াইন ব্রাভো ৫৪ বলে ৫৫ রান করেন। শেষ দিকে ২১ বলে ২১ রান করেন জেরম টেইলর।

পাকিস্তানের হয়ে দুটি উইকেট নেন সোহেল তানভীর। এছাড়া, একটি করে উইকেট দখল করেন মোহাম্মদ নওয়াজ এবং হাসান আলি। উইকেটশূন্য ছিলেন সোয়েব মালিক এবং ওয়াহাব রিয়াজ।

১১৬ রানের সহজ টার্গেট সহজে পার হয়ে যায় পাকিস্তান। ওপেনার শারজিল খান ২২ রান করে বদ্রির বলে বোল্ড হলেও দলকে জয়ের পথে নিতে কোনো সমস্যা হয়নি আরেক ওপেনার খালিদ লতিফ এবং বাবর আজমের। লতিফ ৩২ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। আর ৩৭ বলে ৫৫ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন আজম।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.