সিটিনিউজবিডিঃ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাংলাদেশ দলে ডাক পাওয়া দুই নতুন মুখের একজন মুস্তাফিজ। ১৯ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, “খুব ভালো লাগছে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছি। কিন্তু ওয়ানডে তো আরও বড় ব্যাপার। ভারতের মত বড় দলের বিপক্ষে সুযোগ পাওয়াও দারুণ ব্যাপার। সব মিলিয়ে খুবই ভালো লাগছে।”
গত ২৪ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি জয়ের অন্যতম নায়ক ছিলেন মুস্তাফিজ। চমকে দিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে নিয়েছিলেন শহীদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজের উইকেট। মিরপুরে সেদিন মুস্তাফিজের গতি, সুইং ও নিয়ন্ত্রণ মুগ্ধ করেছিল সবাইকে। বিশেষ করে শহীদ আফ্রিদির ব্যাটে ছক্কা হজম করার পরও ভড়কে না গিয়ে যেভাবে এক বল পরই তাকে আউট করেছিলেন, তা নজর কেড়েছিল অনেকেরই।
ওই ম্যাচের পারফরম্যান্সই বাড়িয়ে দিয়েছিল মুস্তাফিজের স্বপ্নের সীমানা। “পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে ভাল করার পর অনেকেই প্রশংসা করেছেন। তখন থেকেই আশা করছিলাম, ভারতের বিপক্ষে ওয়ানডেতে হয়তো সুযোগ আসতে পারে। পরে প্রাথমিক দলে যখন ডাক পেলাম, তখন আশা বাড়ল আরও। এজন্যই হয়ত দলে ডাক পেয়ে আরও বেশি ভাল লাগছে।”
ফতুল্লা টেস্ট যখন শুরু হয়েছে, বিসিবি হাই পারফরম্যান্স ইউনিটের হয়ে খেলতে মুস্তাফিজ তখন বগুড়ায়। সেখান থেকে ফেরার পরদিনই খবর পেলেন ওয়ানডে দলে ডাক পাওয়ার। শনিবার সন্ধ্যায় মামার কাছ থেকে প্রথম শুনতে পান দলে ডাক পাওয়ার সুখবর। এরপর আসতে থাকে অভিনন্দন জানিয়ে বার্তা।
ভারতের বিপক্ষে সুযোগ পেয়েছেন বলে ভালো লাগাটা যেমন বেশি, চ্যালেঞ্জটাও তেমন অনেক বেশি। ভারতের ব্যাটিং লাইনআপ যে দারুণ শক্তিশালী। এই বাস্তবতা জানেন মুস্তাফিজ। ১৯ বছর বয়সী পেসার চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত। “জানি, ওদের ব্যাটিং ভালো। টি-টোয়েন্টিতে পাকিস্তানের ব্যাটিংও ভালো ছিল। খারাপ করিনি সেই ম্যাচে। আর আমি আসলে ভারত নিয়ে ভাবছিও না। আগে তো একাদশে সুযোগ পেতে হবে! ওটাই এখন প্রথম লক্ষ্য। যদি সুযোগ পাই, নিজে যা পারি, সেভাবেই বোলিং করে যাব। বেশি ভাবছি না।”
