চট্টগ্রাম অফিস : কর্ণফুলীকে জাতীয় নদী ঘোষণা করার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসককে স্বারকলিপি দিয়েছে জাতীয় নদী কর্ণফুলী আন্দোলন পরিষদ ।
গত ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার শেষ কর্মদিবসে বিদায়ী জেলা প্রশাসক মেজবাহ উদ্দীনের কাছে এই স্বারকলিপি দেন জাতীয় নদী কর্ণফুলী আন্দোলন পরিষদের আহ্বায়ক সরোয়ার আমিন বাবু, কার্যকরী সদস্য তালুকদার হালিম, এম.এ. সবুর, আবুল কালাম বেলাল, আরিফ রায়হান, গোলাম সরওয়ার, আমানউল্লাহ জাহাঙ্গীর, শাহীনুজ্জামান, সরওয়াদী আরমান, মোঃ রাসেল ।
জেলা প্রশাসক জাতীয় নদী কর্ণফুলী আন্দোলন পরিষদের স্বারকলিপিটি যথাযথভাবে উপরস্ত প্রশাসনের কাছে পাঠানোর আশ্বাস দেন । মতবিনিময়কালে পরিষদের নেতৃবৃন্দ বলেন, নদী মাতৃক বাংলাদেশে একটি জাতীয় নদী থাকা চাই। নদী বড় বা ছোট বড় কথা নয়, নদীর গুরুত্ব, অবস্থান হলো বড় কথা। কর্ণফুলীর রয়েছে প্রাকৃতিক, ভৌগলিক, ঐতিহাসিক, অথনৈতিক, সামরিক, পরিবেশ-পর্যটনের গুরুত্ব। বাংলাদেশের লাইফ লাইন খ্যাত চট্টগ্রাম বন্দর এই কর্ণফুলীর মোহনায়।
তাছাড়া কর্ণফুলীর উভয় পাড়ে রয়েছে ২০টিরও বেশি বড় শিল্প প্রতিষ্ঠান ও জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা। ওয়ার্ল্ড ন্যাচারাল হেরিটেজ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র শাখা নদী হালদা অবস্থিত কর্ণফুলীর গর্ভে । সবদিক বিবেচনায় কর্ণফুলীকে জাতীয় নদী ঘোষনা এখন সময়ের ব্যাপার মাত্র।
