বাবর মুনাফ : জঙ্গি দমনে পুলিশেই যথেষ্ট মন্তব্য করে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) একেএম এমরান ভূঁইয়া বলেছেন, ‘কিছু সংখ্যক ধর্মান্ধ জঙ্গিদের হাতে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে না। মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত এ দেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই।’ প্রধানমন্ত্রী’র নির্দেশে পুলিশ বাহিনী জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্সে রয়েছে।’
গতকাল ২৫ সেপ্টেম্বর রবিবার দুপুরে বোয়ালখালী থানা প্রশাসন আয়োজিত ওপেন হাউস ডে’তে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আওয়ামীলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তদবির আনবেন তবে অন্যায়, অযৌক্তিক তদবির নিয়ে থানায় আসবেন না। যুবলীগ নেতা পরিচয়ে বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করবেন কিন্তু যুবলীগের প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠার সময় জানেন না এ ধরণের যুবলীগ নেতার প্রয়োজন নেই।
তিনি আরো বলেন, আওয়ামীলীগের অনুপ্রবেশকারী হাইব্রিড নেতারাই সকল অপকর্ম নিয়ন্ত্রণ করেন। তাদের বিরুদ্ধে সকলের সজাগ থাকা দরকার। মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামীলীগের কোনো নেতাকর্মী অপকর্মে জড়াতে পারে না।
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে পরিবার থেকেই। কোনো শিক্ষার্থী সন্ধ্যার পর বাইরে থাকা উচিত নয়।
থানার অফিসার ইনচার্জ মো. সালাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র হাজী আবুল কালাম আবু, দক্ষিণ জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন, আওয়ামীলীগ নেতা নুরুল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক এসএম জহিরুল আলম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা এসএম সেলিম, উপজেলা জাসদ সভাপতি মনছফ আলী, সাধারণ সম্পাদক মনির উদ্দিন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান ওবায়দুল হক হক্কানী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হারুন মিয়া, ইউপি চেয়ারম্যান এসএম জসিম, কাজল দে, আবদুল মান্নান মোনাফ, বেলাল হোসেন, শোয়েব রেজা, সাংবাদিক মুজাহিদুল ইসলাম, আবুল ফজল বাবুল, এসএম মোদ্দাচ্ছের, সিরাজুল ইসলাম, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধীর বড়ুয়া।
বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানের সঞ্চালনায় উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
