খেলাধুলা : এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ নৈপুণ্য দেখালেন বাবর আজম। প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতেও তুলে নিয়েছেন সেঞ্চুরি। আর তার ব্যাটে ভর করে সিরিজ নিজেদের করে নিলো আজহার আলির দল।
রবিবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫৯ রানে হারিয়েছে তারা।
শারজা ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৪০ রানের মাথায় আজহার আলি আর শারজিল খানের উইকেট হারালেও বাবার আজম আর শোয়েব মালিকের ব্যাটে চড়ে বড় ইনিংস গড়ার ইঙ্গিত দেয় পাকিস্তান। বাবর আর শোয়েব মালিক মিলে গড়েন ১৬৯ রানের জুটি। শোয়েব মালিক আউট হয়ে গেলেও বাবর আজম ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূরণ করে ফেলেন ১১১ বলে। শেষ পর্যন্ত ১২৬ বলে ১২৩ রান করে আউট হন বাবর আজম। অভিষিক্ত আলজারি জোসেপের বলে কার্লোস ব্র্যাথওয়েটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। শেষ পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেট হারিয়ে ৩৩৭ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জ্যাসন হোল্ডার এবং আলজারি জোসেপ নেন ২টি করে উইকেট। সুনিল নারিন নেন ১ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৮ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা। দলের পক্ষে ড্যারেন ব্রাভো ৬১, মারলন স্যামুয়েলস ৫৭, ক্রেইগ ব্র্যাথওয়েট ৩৯, দিনেশ রামদিন ৩৪ ও জ্যাসন হোল্ডার ৩১* রান করেন।
পাকিস্তানের পক্ষে ওয়াহাব রিয়াজ ২টি, মোহাম্মদ আমির ১টি ও ইমাদ ওয়াসিম ১টি করে উইকেট নেন।
সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৫ অক্টোবর।
