সিটিনিউজবিডি : কাউন্টার টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইমের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, ‘গুলশানের হলি আর্টিজান রেস্তোঁরায় হামলার সঙ্গে তাহমিদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। তবে ওই ঘটনায় দায়ের করা মামলায় তাহমিদ হাসিব খানকে তথ্য চাপা ও অসহযোগিতার কারণে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছিল। আদালত তাকে জামিন দিয়েছেন। তবে ভবিষ্যতে তদন্তে তাহমিদের সংশ্লিষ্ট পাওয়া গেলে আবারো তাকে গ্রেফতার করা হবে।’
আজ সোমবার দুপুরে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তাহমিদকে নজরদারিতে রাখা হবে কি না জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, তবে মামলার তদন্তে তিনি অসহযোগিতা করেছিলেন। তথ্য চাপা রেখেছিলেন তিনি। সে কারণে ৫৪ ধারায় তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আপাতত তাকে নজরদারিতে রাখা হচ্ছে না।
রবিবার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তাহমিদ। চলতি বছরের গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোঁরায় জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২০ জন নির্মমভাবে নিহত। হামলায় মারা যান দুই পুলিশ সদস্য। ওই ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম ও তাহমিদ হাসিব খানকে গ্রেফতার করা হয়।
