ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করে জঙ্গিবাদে ঠেলে দেয়া হচ্ছে : শিক্ষামন্ত্রী

0

সিটিনিউজবিডি : অশুভ শক্তি ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করে জঙ্গিবাদে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার সকালে ঢাকা কলেজে দৈনন্দিন শিক্ষা কার্যক্রম শুরুর পূর্বে জাতীয় সংগীত পরিবেশন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি কখনো চায়নি আমাদের নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানুক। একাত্তরের পরাজিত শক্তি ক্ষমতায় টিকে থাকার জন্য মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে তরুণদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়েছে। এ অশুভ শক্তিই শান্তির ধর্ম ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করে জঙ্গিবাদে ঠেলে দিচ্ছে।

তিনি বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও ইভটিজিংসহ সকল অপশক্তি থেকে দূরে রাখতে শিক্ষার্থীদেরকে নিজস্ব সংস্কৃতি, কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত করতে হবে।

মন্ত্রী বলেন, নিজস্ব সংস্কৃতি ও চেতনায় উজ্জীবিত করার মাধ্যমে তরুণদের জঙ্গিবাদের ছোবল থেকে রক্ষা করা সম্ভব।

এসময় শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালনরত অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান এবং ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোয়াজ্জেম হোসেন মোল্লা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.