মঈনউদ্দিন-ফখরুদ্দিনরা চলে গেলেও ‘এক-এগারোর ষড়যন্ত্র’ যায়নি : গয়েশ্বর

0

সিটিনিউজবিডি : এক-এগারোর সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার চলে গেলেও তাদের ষড়যন্ত্র বাস্তবায়নের দায়িত্ব বর্তমান সরকার প্রধান শেখ হাসিনার ওপর পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, মঈনউদ্দিন-ফখরুদ্দিনরা চলে গেলেও ‘এক-এগারোর ষড়যন্ত্র’ যায়নি। এর বাস্তবায়ন আরও নিশ্চিতভাবে চলছে।

এক-এগারোতে যে ষড়যন্ত্র করার জন্য হয়েছিল, সেই ষড়যন্ত্র পাকাপোক্ত করা এবং সেটা বাস্তবায়নের দায়িত্ব পড়েছে বর্তমান সরকারের প্রধান শেখ হাসিনার ওপর।

সেনানিয়ন্ত্রিত সেই তত্ত্বাবধায়ক সরকারের পরিকল্পনার ধারাবাহিক বাস্তবায়নের শেখ হাসিনার ‘নিষ্ঠুর আচরণে’ দেশ থেকে গণতন্ত্র হারিয়ে গেছে বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা।

ইলিয়াস আলীর মতো গণতন্ত্রও গুম হয়ে গেছে মন্তব্য করে গয়েশ্বর বলেন, এই নিখোঁজ গণতন্ত্র খুঁজে পাওয়ার একটা কঠিন পরীক্ষা আমাদের দিতে হচ্ছে।

গণতন্ত্রকে আমাদের উদ্ধার করতে হবে। জনগণের গণতন্ত্র জনগণের কাছে ফেরত দিতে হবে। এটা একটা কঠিন কাজ হয়ে গেছে।

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘অল কমিউনিট ফোরামের’ উদ্যোগে বিএনপির প্রয়াত নেতা আসম হান্নান শাহের স্মরণে এই আলোচনা সভা হয়।

এক-এগারোর সময়ে বিএনপির ‘দুঃসময়ে’ দলের স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহের ভূমিকার স্মৃতিচারণ করেন গয়েশ্বর।
ওই সময়টা না আসলে উনি (খালেদা জিয়া) বুঝতে পারতেন না, কে তার প্রকৃত বন্ধু, কে শত্রু, রাজনীতিতে তার সাথে শেষ সময় পর্যন্ত কে হাটবে, কে হাটবে না।

অল কমিউনিট ফোরামের সভাপতি আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব বক্তব্য দেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.