খেলাধুলা : মারিয়া শারাপোভার জন্য সুখবর। রুশ টেনিস তারকার দুই বছরের নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে ১৫ মাসে নামিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএএস)। শারাপোভা আগামী বছরের এপ্রিলেই আবার টেনিস কোর্টে ফেরার দিন গুনছেন।
গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের সময় ধরা পড়ে নিষিদ্ধ ড্রাগ মেলডোনিয়াম নিয়েছেন শারাপোভা। এরপর মার্চে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন নিযুক্ত স্বাধীন কমিটি ২৯ বছর বয়সী তারকাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে, যেটির মেয়াদ শুরু হয়েছে জানুয়ারি থেকে। নিষেধাজ্ঞার বিপরীতে সিএএসে আপিল করেন শারাপোভা।
নিষেধাজ্ঞা কমানোর রায় এসেছে গতকাল, শারাপোভার চোখে যেটি ‘জীবনের সবচেয়ে খুশির দিন’। নিষেধাজ্ঞার নতুন মেয়াদ শেষ হচ্ছে আগামী মার্চে। এএফপি।
