শুভ জন্মদিন মাশরাফি

0

খেলাধুলা : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ৩৩তম জন্মদিন বুধবার। রাত ১২টার পরই তিনি পা রাখলেন ৩৪ বছরে।যেমনই প্রতিভা, তেমনই ব্যক্তিত্ব। অসম্ভব ভালো মনের এ মানুষটি ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইল শহরে তার নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। সেই মাশরাফি বিন মর্তুজা কৌশিক পার করে ফেলেছেন ৩৩টি বসন্ত।

২০১৪ সালের আজকের এই দিনে জন্ম নেন মাশরাফি ও সুমি দম্পতির দ্বিতীয় সন্তান সাহেল মর্তুজা। সেই হিসেবে বাপ-বেটা দুজনেরই জন্মদিন বুধবার। তার বড় মেয়ের নাম হুমায়রা।

বিশ্বের অন্যতম সেরা স্পেশালিস্ট পেস বোলার হিসেবে খ্যাতি পাওয়া এই লোকটি এলাকায় কৌশিক নামেই বেশি পরিচিত। তারুণ্যের শুরুতে ক্রিকেটের প্রতি তার আগ্রহ জন্মে। বিশেষত ব্যাটিংয়ে। যদিও এখন বোলার হিসেবেই তিনি বেশি খ্যাত।

বাইক প্রিয় মাশরাফিকে সবাই খুব হাসিখুশি আর উদারচেতা মানুষ হিসেবেই জানে। প্রায়ই তিনি বাইক নিয়ে নড়াইলের স্থানীয় ব্রিজের এপার-ওপার চক্কর মেরে আসেন। এ শহরেরই সরকারি ভিক্টোরিয়া কলেজে পড়ার সময় সুমনা হক সুমির সঙ্গে তার পরিচয় হয়। এরপর দুজনে ২০০৬ সালে বিবাহসূত্রে আবদ্ধ হন।

ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২০০১ সালের ৮ নভেম্বর শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকেই নিয়েছিলেন ৪ উইকেট। বৃষ্টিবিঘ্নিত হওয়ার কারণে বোলিং করার সুযোগ পেলেন মাত্র এক ইনিংসে, ৩৬ ওভার। একই বছর ২৩ নভেম্বর ওয়ানডে ক্রিকেটে মাশরাফির অভিষেক হয় ফাহিম মুনতাসির ও তুষার ইমরানের সঙ্গে। অভিষেক ম্যাচে মোহাম্মদ শরীফের সঙ্গে বোলিং ওপেন করে তিনি ৮.২ ওভারে ২৬ রান দিয়ে নেন ২টি উইকেট। ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে দুই ফরম্যাটেই গ্রান্ট ফ্লাওয়ার ছিলেন মাশরাফির প্রথম শিকার! সেই যে শুরু পথচলা, এরপর নানা চড়াই-উৎরাই পেরিয়ে ১৫টি বছর পার করে ফেলেছেন ক্যারিয়ারের।

ইনজুরি তার টেস্ট ক্যারিয়ার দীর্ঘ হতে দেয়নি। মাত্র ৩৬ টেস্ট খেলে নিয়েছেন ৭৮ উইকেট। একই সঙ্গে তিনটি হাফ সেঞ্চুরিসহ রান করেছেন ৭৯৭। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ওয়ানডে খেলেছেন তিনি- ১৬৩টি। উইকেট পেয়েছেন ২০৮টি, আর রান ১,৪৫০। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হিসেবে সাকিবের পরই তার অবস্থান।

বর্তমানে মাশরাফি একদিনের আন্তর্জাতিকে দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান। তার বোলিংয়ের ধরন ডানহাতি মিডিয়াম পেস বোলার। বাংলাদেশের এ বোলিং স্তম্ভ ২৮টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। ২৮ ম্যাচের ২০টিতেই জিতেছেন। আর ৮টিতে হেরেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.