কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড : সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র মো: রফিকুল ইসলাম রাব্বি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর নব নির্মিত ফুট ওভার ব্রীজ দিয়ে পার হওয়ার সময় পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টেজের লাইনের আকর্ষনে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়েছে।
আজ বুধবার দুপুর দেড়টার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যেক্ষ্যদর্শী মো: ফিরোজ আলম বলেন, দুপুর দেড়টার সময় ছেলেটি রাস্তা পার হওয়ার জন্য ফুট ওভার ব্রীজ দিয়ে উপরে উঠার সময় হঠাৎ ১১ হাজার ভোল্টেজের লাইন তাকে আকর্ষন করে, এতে তার হাত ঝলসে গেছে, ব্রীজের কাজটি একটি অপরিকল্পিত কাজ। ব্রীজের পূর্ব পাশ ঘেঁষে ১১ হাজার ভোল্টেজের লাইন গিয়েছে। এ ব্যাপারে আমরা অনেকবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেও কোন সাড়া পাইনি। ভবিষ্যতে এ ধরনের আরো বড় দূর্ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান।
এ বিষয়ে ভাটিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী হুমায়ুন কবির বলেন, আমাদের স্কুলের ৫ম শ্রেনীর ছাত্র রাব্বি ব্রীজ দিয়ে পার হওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হলে আমরা সাথে সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাই। তার হাত ও শরীরে জখম হয়েছে।
রফিকুল ইসলাম রাব্বি ভাটিয়ারি ইউনিয়নের পূর্ব হাসনাবাদ ৪ নং ওয়ার্ডের বজলুর রহমানের পুত্র।
