খেলাধুলা : ৩১০ রানের বড় লক্ষ্য। তারপরেও ইমরুল কায়েস ও সাকিব আল হাসানের ব্যাটে একসময় মনে হয়েছিল বাংলাদেশের জয় শুধু সময়ের ব্যাপার মাত্র। তবে শেষ দিকে ব্যাটসম্যানদের ব্যর্থতায় উল্টো ২১ রানে হেরে যায় বাংলাদেশ। মাত্র নয় রান তুলতে পাঁচ ব্যাটসম্যান আউট হয়ে যায়। এক কথায় ‘তীরে এসে তরী ডুবালো বাংলাদেশ’।
শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আউটগুলো দেখলেই বোঝা যাবে, ব্যাটসম্যানরা কতটা প্যানিক ছিলো। হয়তোবা আরও নরম্যাল থাকতে পারতাম। ওখানে ১০-১২ বল ডটও হলে খুব একটা সমস্যা ছিলো না। রান করার তাড়াতেই আমরা আউট হয়েছি।
ইনিংসের ৪২তম ওভারে পরপর দুই বলে সাকিব (৭৯) ও মোসাদ্দেক (০) এবং ৪৩তম ওভারে মাশরাফি (১) মাত্র ৩ রানের ব্যবধানে ফিরে যান। ফলে ২৭৪ রানেই ৭ উইকেট হারের শঙ্কায় পড়ে দল। আর এমনি অবস্থায় এগারোটি চার ও দুইটি বিশাল ছক্কায় ১০৫ বল থেকে ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেয়া কায়েস (১১২) আউট হন ৪৪তম ওভারের শেষ বলেই। এরপর শফিউল (০) রান আউট ও তাসকিন (১) আউটের মাধ্যমে ১৩ বল বাকি থাকতেই ২১ রানে হেরে যায় বাংলাদেশ। ইংলিশ বোলারদের মধ্যে জ্যাক বল ৫টি এবং আদিল রশিদ ৪টি উইকেট নিয়ে বাংলাদেশকে জয় বঞ্চিত করেন।
বেন স্টোকসের সেঞ্চুরি ও জস বাটলারের ঝড়ো অর্ধশতকে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে ইংল্যান্ড। এদিন টাইগারদের হয়ে মাশরাফি, শফিউল ও সাকিব প্রত্যেকেই ২টি করে উইকেট নেন। বাকি দু’টি উইকেট আসে রান আউট থেকে।
