ধর্মীয় চরমপন্থা রোধে সুফিবাদের আদর্শ সমাজে প্রতিষ্ঠা করা সময়ের দাবী

0

সিটিনিউজবিডি : ধর্মীয় চরমপন্থারোধে সুফীবাদের ভূমিকা শীর্ষক মাইজভান্ডারী সেমিনারে সভাপতির বক্তব্যে আলহাজ সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী (ম.) পবিত্র হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, “আল্লাহ তায়ালা সহনশীল এবং সহনশীলতাকে ভালবাসেন। দয়াবান ও সহনশীল ব্যক্তি, কাজ ও কথা, আদর্শ ও দলে যে রহমত ও বরকত দেন তা অসহনশীল ও চরমপন্থী কর্মকান্ডে ও দলে দেন না।”

তিনি আরো বলেন, “ইসলামের জঙ্গিবাদী কর্মকান্ডকে আদর্শিক ও বাস্তবিকভাবে মোকাবেলা করার রুহানী ও জাগতিক শক্তি একমাত্র সুফীবাদেরই রয়েছে। তাই দেখা যায় যে মুসলিম বিশ্বের যেসব এলাকায় সুফী তরিকা সমূহের দৃঢ় ভিত্তি রয়েছে সেখানে চরমপন্থীদের অবস্থান দুর্বল।

প্রধান অতিথি ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আহসান সাইয়্যেদ বলেন, “ইসলাম ধর্ম দয়া ও শান্তির ধর্ম। ইসলাম কখনো জঙ্গিবাদ ও ধর্মীয় চরমপন্থাকে সমর্থন করে না। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ব্যক্তি ও দল হতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিরত রাখতে হবে।”

প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. আনিসুজ্জামান বলেন, “মানুষ মাত্রই তার সঙ্গী-সাথীর আচরন-আদর্শ দ্বারা প্রভাবিত হয়। জঙ্গি সংগঠনগুলো এই বন্ধুত্বের মাধ্যমে নিরীহ তরুণকে এই অপকর্মে ধাবিত করে। সুফিবাদী তরিকাসমূহ তরুন সমাজকে বিপথগামীতা থেকে রক্ষার পাশাপাশি সঠিক সাহচর্য প্রদানের পরিবেশ সৃষ্টি করে।”

আওলাদে রাসুল, সাজ্জাদানশীন আলহাজ হযরত মওলানা শাহ্ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম.) এর পৃষ্ঠপোষকতায় গতকাল ৭ অক্টোবর শুক্রবার বিকাল তিনটায় মাইজভান্ডার দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিল সম্মেলন কক্ষে বর্তমান জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ধর্মীয় চরমপন্থা রোধে সুফিবাদের ভূমিকা’ শীর্ষক মাইজভান্ডারী সেমিনার অনুষ্ঠিত হয়।

শেখ মোঃ আলমগীর ও মওলানা মুহাম্মদ আবুল মনসুর এর যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন তেলোয়াত, নাতে রাসুল পাঠ ও শানে গাউছিয়া পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন আওলাদে রাসুল নায়েব সাজ্জাদানশীন আলহাজ সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী (ম.)। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ (আহসান সাইয়্যেদ), প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আনিসুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ.কে.এম.ছায়েফ উল্লা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব এম.এম. তৌহিদুল আলম, ঢাকা কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ¦ মুফতি হাফেজ কাজী আবদুল আলিম রেজভী এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এপেক্সিয়ান এডভোকেট কামাল উদ্দীন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইংল্যান্ড পোর্টসমাউথ জামে মসজিদের খতিব ও পোর্টসমাউথ ইসলামিক সেন্টারের প্রধান শায়খ মুহাম্মদ মুহিউদ্দীন আযহারী। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক, ছাত্র, ডাক্তার, রোটারিয়ান, ব্যাংকার, সাংবাদিক ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ্ এমদাদীয়া) এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে মিলাদ ও মুনাজাতের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষনা করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.