ঘাটতিতে পড়তে পারে মেমোরি চিপের বাজার

0

তথ্য ও প্রযুক্তি : ভবিষতে সরবরাহ ঘাটতিতে পড়তে পারে মেমোরি বাজার। বিষয়টি চিপ নির্মাতাদের জন্য সুখবর হলেও স্মার্টফোন, কম্পিউটারসহ অন্য উচ্চ প্রযুক্তিপণ্য উৎপাদকদের জন্য উদ্বেগের। সম্প্রতি মেমোরি চিপ সরবরাহ ঘাটতির আভাস দিয়ে এ তথ্য জানিয়েছে, মাইক্রন টেকনোলজি ইনকর্পোরেটেড। খবর ওয়াল স্ট্রিট জার্নাল।

মার্কিন সেমিকন্ডাক্টর ডিভাইস নির্মাতা বলছে, মেমোরি প্রযুক্তির চাহিদা ক্রমেই বাড়ছে। কিন্তু সে অনুপাতে উত্পাদন হচ্ছে না। মঙ্গলবার মাইক্রনের চতুর্থ প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আয়ের খতিয়ান প্রকাশসংক্রান্ত সম্মেলনে এ কথা জানান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক ডারকান। তিনি জানান, বেশিরভাগ ডিস্ট্রিবিউটরের কাছে মেমোরি চিপের মজুদ খুবই কম। বড় হার্ডওয়্যার পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো এ সম্পর্কে একটি ধারণা পাচ্ছে। কিছু গ্রাহক এখনই আগামীর জন্য অগ্রিম বিক্রয় চুক্তি করতে চাইছে।

পার্সোনাল কম্পিউটারের (পিসি) প্রধান উপাদান ডায়নামিক র্যানডম অ্যাকসেস মেমোরি (ডিআরএএম) চিপ সরবরাহকারী প্রতিষ্ঠান মাইক্রন। এনএএনডি ফ্ল্যাশ মেমোরি চিপের বড় নির্মাতাও এ কোম্পানি। জুন-আগস্ট প্রান্তিকে মাইক্রনের মুনাফার অঙ্ক গত বছরের একই সময়ের তুলনায় কমেছে। কিন্তু পার্সোনাল কম্পিউটারের (পিসি) চাহিদা বাড়ায় হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (মার্চ-মে) চেয়ে বেড়েছে। জুন-আগস্ট সময়ে ডিআরএএম ও এনএএনডি বিক্রি বেড়েছে যথাক্রমে ২০ ও ১২ শতাংশ।

চতুর্থ প্রান্তিকে মাইক্রনের লোকসান হয়েছে ১৭ কোটি ডলার। গত বছরের একই সময় প্রতিষ্ঠান সক্ষম হয়েছিল ৪৭ কোটি ১০ লাখ ডলার মুনাফা অর্জনে। চতুর্থ প্রান্তিকে মাইক্রনের রাজস্ব ১০ দশমিক ৬ শতাংশ কমে নেমেছে ৩২০ কোটি ডলারে। সংবাদ সংস্থা রয়টার্সের জরিপে বিশেষজ্ঞরা এ অঙ্ক নির্ধারণ করেছিলেন ৩১৫ কোটি ডলার। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের আয়ের হিসাবের পূর্বাভাস দিয়েছে মাইক্রন। সেপ্টেম্বর-নভেম্বর সময়ে ৩৫৫ কোটি থেকে ৩৮৫ কোটি ডলার রাজস্ব অর্জনের পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।

এ পরিমাণ বিশেষজ্ঞদের পূর্বাভাসের তুলনায় বেশি। বিশেষজ্ঞরা প্রথম প্রান্তিকে মাইক্রন ৩৪৬ কোটি ডলার রাজস্ব অর্জনে সক্ষম হবে বলে ধারণা করছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.