মোঃ সাইফুল উদ্দীন, রাঙামাটি : সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা মহা ধুমধামে শুরু হয়েছে। প্রতিবারের মত এবারও সার্বজনীন শারদীয় দুর্গোৎসবে রাঙামাটির ১০উপজেলার ৪০ মন্ডপে পূজা আর্চনা শুরু হয়েছে।
স্থানীয় প্রশাসন এবার বেশ আগেভাগেই পূজা মন্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পনা গ্রহণ করছে। জেলা পূজা উদযাপন পরিষদ রাঙামাটি জেলা শাখা শারদীয় দুর্গোৎসব যাতে সব সম্প্রদায়ের মানুষের অংশ নেয়ার মধ্য দিয়ে উৎসাহ-উদ্দীপনায় আয়োজিত হয় তার জন্য জেলার সব পূজামন্ডপের পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে সার্বিক সমন্বয় যোগাযোগ শুরু করেছিল। আর প্রশাসন পূজা মন্ডপগুলো মনিটর করছে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমর কুমার দে বলেন, এবার জেলায় ৪০টি পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। এর মধ্যে ৩৯টি প্রতিমা পূজা ও ১টি স্থায়ী প্রতিমা পূজা করা হচ্ছে। রাঙামাটি জেলা সদরে পূজা হচ্ছে ১৪টি মন্ডপে। এছাড়া বাঘাইছড়ি উপজেলায় ৪টি, লংগদু উপজেলায় ২টি, বরকল উপজেলায় ২টি, জুরাছড়ি উপজেলায় ১টি, বিলাইছড়ি উপজেলায় ১টি, কাপ্তাই উপজেলায় ৭টি, রাজস্থলী উপজেলায় ৩টি, কাউখালী উপজেলায় ৪ ও নানিয়ারচরে ২টি মন্ডপে পূজা আর্চনা শুরু হয়েছে।
তিনি আরো জানান, নিরাপত্তা বিষয়ে জেলা প্রশাসনের সাথে আমাদের সার্বিক যোগাযোগ রয়েছে। যেহেতু এই পূজা সার্বজনীন, সেহেতু জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে পূজায় অংশগ্রহণ করার জন্য আহবান জানান তিনি।
