খেলাধুলা : ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড সাথে ১-০ ব্যবধানে পিছিয়ে টাইগাররা। সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া কোন বিকল্প পথ খোলা নেই বাংলাদেশের সামনে। এজন্য ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সমতা আনার লক্ষ্য নিয়েই আজ মাঠে নামছে মাশরাফি বাহিনী। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি শুরু দুপুর আড়াইটায়।
সিরিজে প্রথম ওয়ানডের শুরুতেই ইংল্যান্ডকে ধাক্কা দিয়েছিলো টাইগার বোলাররা। কিন্তু পরবর্তীতে ফিল্ডারদের বড় বড় ভুলে বড় স্কোর গড়ে বাংলাদেশকে চাপে ফেলে দেয় ইংল্যান্ড। ক্যাচ ছাড়ার প্রতিযোগিতায় নেমেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ-মোশাররফ রুবেলরা।
তবে ইংল্যান্ডের ৩১০ রানের টার্গেট সহজ করে দেন ওপেনার ইমরুল কায়েস। সাথে ছিলেন সাকিব। ইমরুলের ১১২ ও সাকিবের ৭৯ রানে শেষদিকে এসে বাংলাদেশের প্রয়োজন পড়ে ৫২ বলে ৩৯ রান। কিন্তু ২৭১ থেকে ২৮৮ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারিয়ে কষ্টের হার বরণ করে নেয় বাংলাদেশ। জয়ের মঞ্চ তৈরি করেও এভাবে ম্যাচ হারটা মোটেও কাম্য ছিলো না বাংলাদেশের।
তাই তো ম্যাচ শেষে হতাশাই ঝড়েছে মাশরাফির কন্ঠে। তিনি বলেন, ‘ম্যাচটা আমাদের জেতা উচিত ছিলো। এভাবে হারাটা হতাশার। এখান থেকে ঘুড়ে দাঁড়াতে হবে।’
তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ যে প্রতিপক্ষকে ছেড়ে দেবে না তা কিন্তু স্পষ্ট। ফলে মিরপুরের ভেন্যুতেই জয় দিয়ে সমতা নিয়ে চট্টগ্রামে সিরিজ জয়ের উল্লাস মাতবে বাংলাদেশ ক্রিকেট দল, এমনটাই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।
বাংলাদেশ স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, শফিউল ইসলাম, মোশাররফ হোসেন রুবেল, আল আমিন হোসেন ও তাসকিন আহমেদ।
ইংল্যান্ড স্কোয়াড : জশ বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), জেক বল, স্যাম বিলিংস, লিয়াম ডসন, বেন ডাকেট, স্টিভেন ফিন, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ডেভিড উইলি ও ক্রিস ওয়াকস।
