সিটিনিউজবিডি : নিরাপত্তা পরিস্থিতি দেখতে ‘শিগগিরই’ জাপানের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার ব্যাংককে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকে জাপানের পার্লামেন্টারি ভাইস মিনিস্টার কিয়োশি ওদাওয়ারা প্রতিনিধি দল পাঠানোর বিষয়টি জানান।
এশিয়া কো-অপারেশন ডায়ালাগের (এসিডি) সাইডলাইনে তাদের মধ্যে এই বৈঠক হয় বলে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, কিয়োশি ওদাওয়ারা বৈঠকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের দৃঢ় ভূমিকা অব্যাহত রাখার অঙ্গীকারের কথা পুনর্ব্যাক্ত করেন এবং বিদেশি নাগরিকদের জন্য বাংলাদেশ যে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে, তার প্রশংসা করেন।
গত ১ জুলাই ঢাকার গুলশানে জঙ্গি হামলায় যে ২০ জন নিহত হয়েছিলেন, তাদের মধ্যে সাতজন ছিলেন জাপানের নাগরিক। জাইকার হয়ে পরামর্শক হিসেবে ঢাকার মেট্রোরেল প্রকল্পে কাজ করছিলেন তারা।
হলি আর্টিজান বেকারিতে ওই হামলার ঘটনার পর সরকার গুলশানের কূটনৈতিক পাড়া এবং বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাপানি প্রতিমন্ত্রীকে বলেছেন, তার দেশের প্রতিনিধিদলকে স্বাগত জানাতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।
শাহরিয়ার আলম রাশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী ইগ মুর্গলভের সঙ্গেও বৈঠক করেন।
এসিডির ৩৪টি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের এই সম্মেলনে কয়েকটি ওয়ার্কিং গ্রুপে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়।
