মো: সাইফুল উদ্দীন,রাঙামাটি : পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনীর প্রতিবাদ ও বান্দরবান থেকে গ্রেফতার বাঙালী নেতা আতিকুর রহমানের মুক্তির দাবিতে তিন পার্বত্য জেলায় দুই দফায় ৪৮ ঘন্টা হরতাল পালন করছে ৫ টি বাঙালীভিত্তিক সংগঠন।
বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে শুক্রবার সকাল ৬ টা ২৪ ঘন্টা এবং রবিবার সকাল ৬ টা থেকে সোমবার সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘন্টাসহ মোট ৪৮ ঘন্টার এই হরতালের ডাক দেয় তারা। সংগঠনগুলো হলো,পার্বত্য নাগরিক পরিষদ,পার্বত্য গণ পরিষদ,পার্বত্য গণ পরিষদ,পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন,পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ এবং পার্বত্য বাঙালী ছাত্র ঐক্য পরিষদ।
হরতালের সমর্থনে সকাল থেকেই রাঙামাটি শহরের বিভিন্ন পয়েন্টে পিকেটিং করছে সংগঠনগুলোর নেতাকর্মীরা। শহরের রিজার্ভবাজার, বনরূপা, তবলছড়ি, কলেজগেইট এবং ভেদভেদী এলাকায় পিকেটিং করতে দেখা গেছে বাঙালী সংগঠনগুলোর নেতাকর্মীদের।
হরতালের কারণে রাঙামাটি শহরের আভ্যন্তরীন ও দুরপাল্লার সব ধরণের যান চলাচল বন্ধ আছে। শহর থেকে উপজেলা বা প্রতিবেশী জেলাগুলোর উদ্দেশ্যে কোন বাস বা লঞ্চ ছেড়ে যায়নি। রাঙামাটি জেলা শহর ছাড়াও লংগদু,বাঘাইছড়ি,কাপ্তাই,কাউখালী উপজেলা থেকেও শান্তিপূর্ণ হরতাল পালিত হওয়ার খবর পাওয়া গেছে।
হরতাল আহ্বানকারি সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি করা হয়, সম্প্রতি সংশোধিত হওয়ার পর জাতীয় সংসদে পাশ হওয়া পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের কারণে পার্বত্য এলাকায় বসবাসকারি বাঙালীরা নিজ ভূমি থেকে উচ্ছেদ হবে এবং কমিশনে বাঙালী প্রতিনিধিত্ব না থাকায় ন্যায়বিচার থেকেও বঞ্চিত হবেন তারা। সংগঠনগুলো একই সাথে সম্প্রতি বান্দরবান থেকে গ্রেফতার হওয়া তাদের নেতা আতিকুর রহমানের নি:শর্ত মুক্তি দাবি করেছে।
