জুবায়ের সিদ্দিকী/গোলাম সরওয়ার : এবারের দশম জাতীয় সংসদের সংসদ সদস্যরা প্রায় সবাই ব্যবসায়ী না হয় শিল্পপতি। হলফনামায় কৃষিজীবি, শিক্ষক উল্লেখ থাকলেও বেশির ভাগই পুরোদস্তুর ব্যবসায়ী ও শিল্পপতি। কেউ কেউ ব্যবসায়ী পরিচয় না দিলেও নিজের ও পরিবারের নামে রয়েছে একাধিক ব্যবসা, শিল্প কারখানা।
অনেক এমপি শিক্ষকতাকে পেশা দেখালেও আয় দেখিয়েছেন ব্যবসা ও শিল্প থেকে। অনেক ক্ষেত্রে এমপি হওয়ার পরই কারও কারও পাল্টে গেছে পেশাও। ব্যবসা, বাণিজ্য, শিল্প কারখানা না থাকলেও এমপি হয়েই জড়িয়ে পড়েছেন ব্যবসার সঙ্গে। নামে বেনামে গড়ে তুলেছেন বড় বড় শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় এমপিরা নিজেদের ব্যবসায়ী, কৃষিজীবি, আইনজীবি, রাজনীতিবিদ, সমাজসেবক পরিচয় দিলেও প্রায় সবাইর আয়ের মূল উৎস হচ্ছে ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান থেকে। ৩৫০ জন এমপির হলফনামার তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে। শতকরা হিসেবে শুধু ব্যবসায়ী এমপির সংখ্যা দাঁড়ায় ৬২.২৮ শতাংশে। তবে সংরক্ষিত আসন বাদ দিলে এ সংখ্যা দাঁড়ায় ৬৯ শতাংশ।
এমপিদের মধ্যে ব্যবসাকে পেশা হিসাবে দেখিয়েছেন ২১৮ জন, আইনজীবি ৪৮ জন, রাজনীতিকে পেশা বলেছেন মাত্র ২২ জন। এছাড়া কৃষিজীবি ২১ জন, চাকুরীজীবি-অধ্যাপনা ১৭ জন, গৃহিণী ৭ ও অন্যান্য পেশার ১৭ জন রয়েছেন। অনেকেই একাধিক পেশার সঙ্গে জড়িত বলেও উল্লেখ করেছেন। ইসিতে দেওয়া হলফনামার সঙ্গে সংসদ সচিবালয়ে সংরক্ষিত সংসদ সদস্যদের ব্যক্তিগত তথ্যে গরমিল পাওয়া গেছে।
