সিটিনিউজবিডি : রাজধানীর তেজগাঁও থেকে গ্রেফতার জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবির সক্রিয় সাত সদস্যকে ছয়দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম এ আদেশ দেন।
এর আগে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপপরিদর্শক সাইফুল ইসলাম আসামিদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করেন।
এরা হলেন- কাউছার ওরফে মো. কাশেম (২০), নাজমুল হাসান ওরফে নয়ন ওরফে নরেশ (২৩), মো. রাশেদ ওরফে কাকলির বাবা (২৭), মো. সেন্টু হাওলাদার ওরফে জাহিদ (২৬), মো. আবু বক্কর সিদ্দিক ওরফে শুভ্র ওরফে আকাশ (২০), মো. আবদুল বাছেদ (২২) ও মো. জুয়েল সরকার ওরফে সোহরাব ওরফে সরকার (৩২)।
সোমবার রাতে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট এবং পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা যৌথভাবে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবির সক্রিয় সাত সদস্যকে গ্রেফতার করে।
