ঢাকা : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অজ্ঞান পার্টির ১৭ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপ-কমিশনার ইউসুফ আলী জানান, সায়েদাবাদ, কমলাপুর, মুগদা, বংশাল ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় এই অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ওই ১৭ জনের মধ্যে কয়েকজনকে পুলিশ আগেও গ্রেপ্তার করেছিল। জামিনে বেরিয়ে এসে আবারও একই অপরাধে জড়িয়েছে। বৃহস্পতিবার পুলিশের গণমাধ্যম কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে মাসুদুর রহমান জানান।
এ ধরনের প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন বাস টার্মিনালে বা যানবাহনে মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে চেতনানশক মেশানো খাবার খাইয়ে মালামাল নিয়ে সটকে পড়ে। সাধারণ মানুষের ভাষায় এরা ‘অজ্ঞান পার্টি’ বা ‘মলম পার্টি’ হিসাবে পরিচিত।
এদের খপ্পরে পড়ে চেতনানাশক ওষুধের প্রতিক্রিয়ায় অনেকের মৃত্যু হয়েছে। অনেকে আবার সর্বস্ব হারিয়ে দীর্ঘ মেয়াদী শারীরিক সমস্যায় ভুগেছেন।
