রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের নর্দমা থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় হলের ডাইনিংয়ের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ওই শিক্ষার্থীর নাম মোতালেব হোসেন লিপু।
লিপু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি নবাব আব্দুল লতিফ হলের ২৫৩ নম্বর কক্ষে থাকতেন।
জানা গেছে, সকালে হলের ডাইনিংয়ের এক কর্মচারী নদর্মায় লাশ দেখে হল কর্তৃপক্ষকে খবর দেয়। খবর পেয়ে হল কর্তৃৃপক্ষ ও পুলিশ এসে লাশ উদ্ধার করে।
লিপুর রুমমেট মনিরুল ইসলাম জানান, লিপু প্রতিদিন ভোরে হাঁটতে যেত। গতকাল গভীর রাতে ঘুমের মধ্যে কবার দরজা খোলার শব্দ পাই। লিপু হাঁটতে গিয়েছে ভেবে আবার ঘুমিয়ে পড়ি। ভোরে সে ফেরেনি দেখে ভেবেছিলাম পরে আসবে। আজ সকালে প্র্যাকটিকাল ক্লাস করার সময় লিপুর মারা যাওয়ার খবর পাই।
নিচতলার ১২৫ নম্বর কক্ষের আবাসিক ছাত্র রাজীবুল ইসলাম জানান, রাত তিনটার দিকে আমার জানলার পাশে জোরে কিছু একটা পড়ার শব্দ পাই। কিন্তু ভয়ে জানালা খুলিনি।
মতিহার থানার ওসি (তদন্ত) অশোক চোহান জানান, এইটি আত্মহত্যা নাকি হত্যা সেটি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
