চট্টগ্রাম : চট্টগ্রামে টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টাইগার তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বল হাতে এরই মধ্যে তুলে নিয়েছেন ইংল্যান্ডের মোট পাঁচটি উইকেট। উইকেটগুলো হলো- বেয়ারস্টো, মঈন আলী, জো রুট, গ্যারি ব্যালান্স ও বেন ডাকেটের।
বাংলাদেশ দলের প্রথম সাফল্যই আসে অভিষিক্ত অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের হাত ধরে। তিনি সরাসরি বোল্ড করেন বেন ডাকেটকে (১৪)। তখন দশম ওভারে ইংল্যান্ডের রান ১৮। এরপর ইনিংসের ১২তম ওভারের শেষ বলে ইংল্যান্ড শিবিরে আবারো আঘাত হানেন মিরাজ। দলীয় ২১ রানেই তুলে নেন ব্যালান্সের (১) উইকেট।
লাঞ্চের পর দ্বিতীয় ওভারে আক্রমণে এসে ব্যক্তিগত ৪০ রান করা জো রুটকে বিদায় করে ৬২ রানের জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। এ সময় ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৮৭ রান। মূলত মিরাজের স্পিনেই নাকাল দশা হয় ইংলিশদের। এরপর মঈন-বেয়ারস্টো জুটিতে যখন টেনশনে দল ও দলনায়ক, ঠিক তখনি আবার ত্রাতার ভুমিকায় আবির্ভূত মিরাজ। ফিফটি করা মঈন আলীকে (৬৮) স্পিনে বোকা বানিয়ে মুশফিকের গ্লাভসবন্দী করান মিরাজ। ফলে ৮৮ রানের জুটি ভেঙে গিয়ে দলীয় ১৯৪ রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটে ইংল্যান্ডের।
শেষ খবর পর্যন্ত ৯০ ওভারে ৭ উইকেট হারিয়ে ইংলিশদের সংগ্রহ ২৫৪ রান। এই ম্যাচের আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে ১২টি ম্যাচ মিরাজ খেলেছেন। ১৪ ইনিংস ব্যাট করে তিনি করেছেন ৫২৪ রান। আর বল হাতে ১৯ ইনিংসে নিয়েছেন ৪১টি উইকেট।
