মোঃ সাইফুল উদ্দীন,রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজারে অগ্নিকান্ডে অন্তত: তিন শত দোকান ও বসতঘর পুড়ে গেছে এবং মারা গেছেন শিখা সাহা নামের এক প্রতিবন্ধী মহিলা। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকাল আনুমানিক বারোটার দিকে বাজারের সুমল দে নামক এক ব্যবসায়ির লেক তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয়রা।
বাঘাইছড়িতে কোন ফায়ারসার্ভিস স্টেশন না থাকায় পার্শ্ববর্তী খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে ফায়ারসার্ভিস আসলেও সংকীর্ণ সড়কের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ফলে বিজিবি-সেনাবাহিনী-পুলিশ ও স্থানীয় এলাকাবাসি আগুন নিয়ন্ত্রনে আনেন। রাঙামাটি জেলার অন্যতম বৃহৎ ব্যবসাকেন্দ্র এটি।
বাঘাইছড়ি থানা এসআই নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রনে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক অন্তত: ৪০ কোটি টাকা। এতে প্রায় তিনশত দোকান ও বসত পুড়ে গেছে।
উপজেলা নির্বাহী অফিসার তাজুল ইসলাম জানিয়েছেন,আগুনে প্রায় তিনশত বসত ও দোকান পুড়ে গেছে এবং মারা গেছেন প্রতিবন্ধী এক মহিলা। উপজেলায় কোন ফায়ার স্টেশন না থাকায় এতো বড় বিপর্যয় ঠেকানো গেলোনা।
