সিটিনিউজবিডি : আগামী ১ নভেম্বর থেকে শুরু হওয়া জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আগের মতোই শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিত হবে । পরীক্ষা শুরুর মাত্র কয়েক দিন আগে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আগের মতোই এ পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনেই হবে। এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ও এ পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করেছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান আজ (২০ অক্টোবর) বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে এক আধা সরকারি পত্রে (ডিও লেটার) এ বিষয়টি জানান।
মোস্তাফিজুর রহমান জানান, শিক্ষা মন্ত্রণালয় তাদের এ পরীক্ষাটি নিতে বলেছিল। কিন্তু যেহেতু মন্ত্রিসভা এ বিষয়ে তাদের কর্তৃত্ব দেয়নি তাই শিক্ষা মন্ত্রণালয়কে সে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই পরীক্ষা পদ্ধতি আগের মতোই বহাল থাকবে। এখনো বোর্ডের মাধ্যমই সেটি নেওয়া হবে।
পরীক্ষার ১২ দিন আগে এমন সিদ্ধান্তের জন্য দুই মন্ত্রণালয়ের সমন্বয়হীনতাকেই দায়ী করছেন সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা।
