সিটিনিউজবিডি : অপরাধীদের স্বল্প সময়ে শাস্তি দিতে দিনাজপুরের পার্বতীপুরে ৫ বছরের শিশুসহ দেশের সব শিশু ধর্ষণের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, এ ব্যাপারে প্রসিকিউশনকে বিচার দ্রুত সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হবে।
বুধবার রাজধানীর বিচার প্রশিক্ষণ ইন্সটিটিউটে বিচারকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন। যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচারকদের ১৩১তম এই রিফ্রেসার প্রশিক্ষণ কোর্স আগামী ৩ নভেম্বর পর্যন্ত চলবে।
আইনমন্ত্রী বলেন, ‘শিশু ধর্ষণের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবে এবং তার বিচারিক কাজ দ্রুত সময়ে হবে। আমি আশা করব ধর্ষণে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি হবে। যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ করতে কেউ সাহস না পায়।’
প্রসঙ্গত, পাবর্তীপুরে ধর্ষণের শিকার ৫ বছর বয়সী এক শিশুকে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
