সিটিনিউজবিডি : ৯৯ পরিদর্শককে বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান কেন অবৈধ ও কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
সেই সঙ্গে পদোন্নতিপ্রাপ্তদের ওই তালিকা থেকে রিটকারীকে বাদ দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও রুলে জানাতে বলা হয়েছে।
স্বরাষ্ট্র সচিব, উপ-সচিব (পুলিশ অ্যাফেয়ার্স-১), পুলিশের মহাপরিদর্শক, অতিরিক্ত মহাপরিদর্শক (স্ট্যাবলিশমেন্ট), উপ-মহাপরিদর্শক (প্রশাসন), উপ-মহাপরিদর্শক (চট্টগ্রাম), উপ-মহাপরিদর্শক (টেলিকম), সহকারী মহা-পরিদর্শককে (স্ট্যাবলিশমেন্ট) ২ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
পুলিশের উপ-মহাপরিদর্শক (প্রশাসন) এর স্বাক্ষরে গত ১৬ জুলাই ৯৯ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করা হয়।
এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রাঙামাটি জেলার জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউসুফ সিদ্দিকী গত ২৫ আগস্ট এই রিট আবেদনটি করেন।
আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
