সিটিনিউজবিডি : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যাবস্থাপনায় যুক্ত হলো শাহজালাল ইসলামী ব্যাংক। সিটি মেয়র এর ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ ও অপসারনে এ ব্যাংকটি ১ নভেম্বর ২০১৬ খ্রি. সকালে নগর ভবনে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এর নিকট ৫০ টি রিক্সা ভ্যান ও ৪৩৮ টি প্লাষ্টিক বিন হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নওশাদ আব্বাস, এসকান্দর আলম, এ টি এম কামরুদ্দিন, এস এ ভিপি শাহাব উদ্দিন এবং এস এ ভিপি শোয়েব ইসলাম চৌধুরী ও সংশ্লিস্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন ভ্যানগাড়ী ও বিন গ্রহণ করে বলেন, নাগরিক সেবায় দায়বদ্ধতা থেকে শাহজালাল ইসলামী ব্যাংকের সহযোগিতা সিটি কর্পোরেশন শ্রদ্ধার সাথে স্মরন রাখবে। তিনি বলেন, নাগরিকদের প্রদেয় ট্যাক্সের উপর ভিত্তি করে নাগরিক সেবা দিচ্ছে সিটি কর্পোরেশন। এ সেবা কার্যক্রমের সাথে বিত্তশালীদের অংশগ্রহণ প্রশংসনীয়।
মেয়র তাঁর সেবা কার্যক্রমে সকল শ্রেনী ও পেশার সহযোগিতা প্রত্যাশা করেন। এ সময় জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম, ক্রীড়া সংগঠক আবদুর রশিদ লোকমান সহ অন্যরা উপস্থিত ছিলেন।
