কর্ণফুলীর পানি পরীক্ষামূলক সরবরাহ চট্টগ্রাম ওয়াসার

0

দিলীপ তালুকদার : চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। গত দুইদিন ধরে প্রকল্পের পানি নগরীতে সরবরাহ দেয়া হচ্ছে। তবে সরবরাহকৃত পানি এখন গ্রাহকরা পাবেন না। শুধুমাত্র পানির পাইপলাইন পরীক্ষার জন্য এ পানি সরবরাহ দেয়া হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ নভেম্বরের মধ্যে পানি দিতে পারবে বলে জানিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ। এতে করে নগরবাসীর পানি সংকট কিছুটা হলেও লাঘব হবে।

চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মোহাম্মদ জহুরুল হক বলেন, গত ৩১ অক্টোবর থেকে কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদী থেকে পানি উত্তোলনের পর তা পাইপলাইনের মাধ্যমে নগরীর নাসিরাবাদ এলাকায় রিজার্ভারে নিয়ে আসা হচ্ছে। সেখান থেকে নগরীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে পাইপলাইন পরীক্ষা করা হচ্ছে। আশা করছি, আগামী ১৫ নভেম্বরের মধ্যে ২৪ ঘণ্টায় ৫০ শতাংশ উৎপাদন করা সম্ভব হবে। নভেম্বরের শেষের দিকে প্রকল্পের পুরোপুরি উৎপাদনে যাওয়ার জন্য বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রকল্পের উৎপাদন শতভাগ নিশ্চিত হওয়ার পর প্রধানমন্ত্রীর মাধ্যমে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
ওয়াসার একটি সূত্র জানায়, দৈনিক ১৪ কোটি লিটার ক্ষমতাসম্পন্ন কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের কাজ শুরু হয় ২০১১ সালে। জাপানের জাইকা, বাংলাদেশ সরকার ও ওয়াসার যৌথ অর্থায়নে প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ৮৪৮ কোটি ৫২ লাখ টাকা। এর মধ্যে জাইকা ৯৪০ কোটি ৩০ লাখ টাকা, বাংলাদেশ সরকার ৮৮৪ কোটি ২২ লাখ এবং চট্টগ্রাম ওয়াসা ২৪ কোটি টাকা। প্রকল্পের অধীনে ৬৯ কিলোমিটার ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন পাইপলাইন এবং তিনটি জলাধার নির্মাণ করেছে ওয়াসা। রাঙ্গুনিয়ার পোমরা এলাকায় ৩১ দশমিক ৫৫ একর জায়গায় পানি শোধনাগার ও ইনটেক ফ্যাসিলিটিজ এবং পোমরার নোয়াগাঁও এলাকায় ১ দশমিক ৭১ একর ভূমিতে প্রকল্পের ইনটেক স্ট্রাক্টচার নির্মাণ করা হয়।
ওয়াসার সূত্র জানায়, ১৯৮৮ সালে ওয়াসার সর্বশেষ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল। বিগত ২৯ বছরেও ওয়াসার নতুন কোনো প্রকল্প বাস্তবায়ন হয়নি। শুধুমাত্র গভীর নলকূপ স্থাপন করে পানি সংকট সামাল দেয়া হয়েছে।
ইতিপূর্বে বিভিন্ন সরকারের আমলে একাধিক প্রকল্প গ্রহণ করা হলেও কোন প্রকল্পই আলোর মুখ দেখেনি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ওয়াসা বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করে। এরমধ্যে কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প অন্যতম। নগরীতে বর্তমানে ওয়াসার পানি চাহিদা দৈনিক ৫০ কোটি লিটার। কিন্তু ওয়াসা সরবরাহ করতে পারে মাত্র ১৮ থেকে ২০ কোটি লিটার। ফলে নগরীতে সারাবছরই পানির সমস্যা লেগে থাকে। সংকটের এ সময়ে কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের উৎপাদন শুরু হলে নগরীতে পানি সমস্যা অনেকটা কেটে যাবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.