সিটিনিউজবিডি : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার হীন স্বার্থে জনমনে ছড়ানো কোন গুজবে কান না দেয়ার আহবান জানিয়েছেন। এক বিবৃতিতে বলেছেন, একটি বিশেষ মহল স্বাধীনতা বিরোধী শক্তির ইন্ধনে বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের মঠ-মন্দির ও বাড়ি ঘরে হামলা করেছে।
ঐ মহলটি বাংলাদেশের অগ্রযাত্রা ও সম্প্রীতিময় পরিবেশ ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। এই ষড়যন্ত্র অবশ্যই প্রতিহত করতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে অসামপ্রদায়িক ভূ-খন্ড। অতীতে স্বার্থান্বেষী সাম্প্রদায়িক গোষ্ঠী বিক্ষিপ্তভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুন্ন করার জন্য সাময়িক উম্মাদনা সৃষ্টি করতে চেয়েছিল। তাদেরকে আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ করেছি।
তিনি সরকারের প্রতি ঐ অপশক্তির বিরুদ্ধে জিরো-টলারেন্স অবস্থানের আহবান জানান এবং দোষী ব্যক্তিদের কঠোর শাস্তির ব্যবস্থা করার দাবী জানান।
