সিটিনিউজবিডিঃ শুক্রবার দিবাগত রাতে সাভারের শ্যামপুর এলাকায় মিরপুরের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহর মালিকানাধীন জমিতে সাইনবোর্ড লাগিয়ে দখলের চেষ্টা চালিয়েছে স্থানীয় যুবলীগ। এ ঘটনায় সাংসদ ইলিয়াসের অনুগত লোকজনের সঙ্গে স্থানীয় যুবলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১০ জন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সাভার মডেল থানা-পুলিশের একটি গাড়িও ভাঙচুর করেছে।
স্থানীয়রা জানায়, শুক্রবার দিনে সাংসদ ইলিয়াস মোল্লাহর মালিকানাধীন লেকভিউ আবাসন প্রকল্পের কিছু জমিতে সাইনবোর্ড লাগিয়ে দেয় সাভার উপজেলা যুবলীগের আহ্বায়ক সেলিম মণ্ডলের নেতৃত্বে যুবলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় দিনভর সেখানে উত্তেজনা বিরাজ করে। পরে দিবাগত রাত ১২টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে ইলিয়াস মোল্লাহ ও সেলিম মণ্ডলের অনুসারীরা। দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনাও ঘটে। এতে গুলিবিদ্ধ হয় একজন, আহত হয় আরো ১০ জন।
এদিকে সংঘর্ষ চলাকালীন স্থানীয় মসজিদের মাইকে ‘ডাকাত’, ‘ডাকাত’ বলে ঘোষণা দেয় লেকভিউয়ের লোকজন। এতে এলাকাবাসী এগিয়ে এলে দুই গ্রুপের সন্ত্রাসীরা চলে যায়। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। ঘটনার জন্য পুলিশকে দায়ী করে তাদের ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে ক্ষুব্ধ এলাকাবাসী। পরে ফাঁকা গুলি ছুড়ে স্থানীয়দের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পুলিশের গাড়ি ভাঙচুরের উসকানি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
