সিটিনিউজবিডি : ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন(আইইবি) বাংলাদেশের ৫৭ তম কনভেনশন এবার চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। ২০১৭ সালের জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিতব্য এ কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৬ নভেম্বর) সকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী।
তিনি জানান, ২০১৭ সালে জানুয়ারির তৃতীয় সপ্তাহে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশের ৫৭ তম কনভেনশন অনুষ্ঠিত হবে। এবারের কনভেনশনের মূল প্রতিপাদ্য থাকবে ‘ডিজিটাল টেকনোলজি ফর ডেভেলপমেন্ট’ এবং জাতীয় সেমিনারের প্রতিপাদ্য থাকবে ‘ইউটিলাইজেশন ফর ডিজিটাল টেকনোলজি ফর প্রো-পিউপল ডেভেলপমেন্ট’। সাত দিনব্যাপী এ কনভেনশনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিরোধী দলীয় নেত্রী এবং দেশ-বিদেশের প্রায় ৬ হাজার প্রকৌশলী অংশগ্রহণ করবেন।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী। এছাড়াও আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একাউন্টস এন্ড এইচআরডি) প্রকৌশলী এম এ রশীদ, ভাইস-চেয়ারম্যান (এডমিন প্রফেশ এন্ড এসডব্লিউ) প্রকৌশলী উদয় শেখর দত্ত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হারুন, প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, প্রকৌশলী এ এস এম নাসিরুদ্দিন চৌধুরী, প্রকৌশলী এস এম শহিদুল আলম, প্রকৌশলী মো রেজাউল করিম প্রমুখ।
