সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণকে সর্বোচ্চ সেবার আহ্বান-পুলিশ সুপার

0

সিটিনিউজবিডি :  পুলিশে পদোন্নতিপ্রাপ্ত ২৩৩ কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণকে সর্বোচ্চ সেবা দেয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) নূর ই আলম মিনা।

নগরীর হালিশহরে রোববার জেলা পুলিশ লাইনে (০৬ নভেম্বর) সকালে আয়োজিত অনুষ্ঠানে তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার।

এসময় এসপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পুলিশ বাহিনীর জন্য ৫০ হাজার জনবল নিয়োগের ঘোষণা দিয়েছিলেন। পুলিশ বাহিনীতে ইতোমধ্যে ৩৫ হাজার ৯৫ জন নতুন সদস্য যুক্ত হয়েছেন। অনেকের পদোন্নতির বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের কাছে কৃতজ্ঞ।

তিনি বলেন, একটি থানায় এএসআই এবং এসআই হচ্ছে মূল এক্সিকিউটিভ অফিসার। জনগণ থানায় গিয়ে পুলিশের কাছ থেকে কতটুকু সেবা পাবে তার পুরোটাই নির্ভর করে এএসআই-এসআইদের উপর। এর বাইরে যারা আছেন তারা হচ্ছেন সুপারভাইজিং অথরিটি। মাঠের কর্মকান্ড তাদের উপর পুরোপুরি নির্ভর করে না।

পদোন্নতিপ্রাপ্তদের উদ্দেশ্যে এসপি বলেন, আপনারা যে পদোন্নতি পেয়েছেন এটা আপনাদের জন্য আমানত। আমানতকে খেয়ানতে পরিণত করবেন না। আপনাদের যা দেয়া হয়েছে, আপনাদের যা প্রাপ্তি তার মর্যাদা আপনারা রাখবেন। সততা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। জনগণকে নিজের সাধ্যের সবটুকু দিয়ে সেবা দেবেন।

পদোন্নতিপ্রাপ্ত ২৩৩ কর্মকর্তার মধ্যে কনস্টেবল থেকে এএসআই হয়েছেন ১৭৪ জন। কনস্টেবল থেকে এটিএস‌আই হয়েছেন ৫ জন। এএসআই থেকে এসআই হয়েছেন ৫৪ জন।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ রেজাউল মাসুদ বলেন, নতুন জনবল অনুমোদনের পর চট্টগ্রাম জেলা পুলিশে ৫০৪টি নতুন পদ সৃষ্টি হয়েছে। এর মধ্যে ২৩৩ জন পদোন্নতি পেয়ে নতুন পদে যোগ দিয়েছেন। একসঙ্গে ১৭৪ জন কনস্টেবল পদোন্নতি পেয়ে এএসআই হওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে প্রথম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ রেজাউল মাসুদ, অতিরিক্ত পুলিশ ‍সুপার (দক্ষিণ) একেএম এমরান ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) এইচ এম মশিউদ্দৌলা রেজা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.