খেলাধুলা : সেভিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা।
আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত থেকেছে দুই দল। প্রথমার্ধে অবশ্য সেভিয়ার দাপটই ছিল বেশি। নতুন কোচ হোর্হে সাম্পাওলির ছোঁয়ায় তাদের বদলে যাওয়ার দৃশ্য আগেই চোখে পড়েছিল। শুরু থেকে সফরকারীদের ওপর আক্রমণ চালানো সেভিয়ার এগিয়ে যেতে সময় লাগেনি বেশি। ১৫তম মিনিটে পিজুয়ানে আনন্দের ঢেউ তোলেন ভিতোলো। প্রতি আক্রমণ থেকে দেখার মতো এক গোল করেছেন তিনি।
ম্যাচে ফেরার জন্য বার্সেলোনা মরিয়া হয়ে উঠলে ৪৩ মিনিটে মেসির আঘাতের শিকার হয় তারা। নিজেদের অর্ধ থেকে মেসির কাছ থেকে বল পেয়েছিলেন দেনিস সুয়ারেস, স্প্যানিশ এই মিডফিল্ডার পাস বাড়ান নেইমারকে। ব্রাজিলিয়ান তারকা খানিকটা এগিয়েই বল বাড়িয়ে দেন ফাঁকায় থাকা মেসিকে, আর আর্জেন্টাইন ফরোয়ার্ড বাঁ পায়ের ছোঁয়ায় করলেন তার স্বভাবসুলভ লক্ষ্যভেদ।
দ্বিতীয়ার্ধে বদলে যায় খেলার ধরণ। অবশেষে ৬১ মিনিটে সফল হন সুয়ারেস। মেসির বুদ্ধিদীপ্ত পাস ধরে বক্সের ভেতর থেকে লক্ষ্যভেদ করেন উরুগুইয়ান স্ট্রাইকার। ২-১ গোলে এগিয়ে যাওয়া বার্সেলোনা।
লা লিগার পয়েন্ট টেবিলে অবশ্য দ্বিতীয় স্থানেই থাকতে হলো তাদের (২৫ পয়েন্ট)। ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
