দিলীপ তালুকদার : চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা নেভাল রোড়ে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয় দিয়ে একজনের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকার ২৭টি সোনার বার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ২৭টি স্বর্ণের বারের দাম আনুমানি মূল্য প্রায় দেড় কোটি টাকা।
গত শনিবার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথের অদূরে নেভাল রোড়ে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় নগরীর পতেঙ্গা থানা পুলিশ গতকাল রবিবার মাসুদ নামে একজনকে আটক করেছে।
নগরীর পতেঙ্গা থানার ওসি আলমগীর মাহমুদ জানান, ২৭টি সোনার বার ছিনতাইয়ের একটি অভিযোগ পেয়েছি। মাসুদ নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি।
জানা যায়, শনিবার সন্ধ্যায় রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে ওমানপ্রবাসী হাটহাজারীর একব্যক্তি সোনার বারগুলো নিয়ে আসেন। বিমানবন্দর থেকে বেরিয়ে বাহক মাসুদের কাছে সেগুলো হস্তান্তর করেন তিনি। শনিবার রাত ৮টার দিকে মাসুদ সোনার বারগুলো নিয়ে বিমানবন্দর থেকে বের হয়ে নেভাল রোডে আসার পর ডিবি পরিচয় দিয়ে কয়েকজন একটি কালো রংয়ের মাইক্রোবাসে তুলে নেয়। এরপর তাকে জোর করে ওই পতেঙ্গা সমুদ্রসৈকতের দিকে আনুমানিক আধা কিলোমিটার গিয়ে সোনার বারগুলো কেড়ে নিয়ে তাকে মাইক্রোবাস থেকে নামিয়ে দেয়া হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাসুদকে মাইক্রোবাসে তোলার সময় সেখানে কয়েকজন স্থানীয় লোক বিষয়টি দেখতে পান। ছিনতাইয়ের সঙ্গে জড়িত মাইক্রোবাসের নম্বর চট্টমেট্টো-১১-৬২৬৫।
কিন্তু ঘটনার পর নগর গোয়েন্দা পুলিশের বন্দর জোনের একটি টিম বিমানবন্দর এলাকায় ছিনতাই করেছে বলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে খবর পৌঁছে।
জানতে চাইলে নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (বন্দর) মো. মারুফ হাসান জানান, আমরা খোঁজ নিয়ে দেখেছি, ঘটনার সময় বিমানবন্দর এলাকায় আমাদের কোন টিম ছিল না। এরপরও বিষয়টি আমরা গভীরভাবে খতিয়ে দেখছি।
