সিটিনিউজবিডি : বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের কারণে অপরাধ কমেছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, আগে অনিবন্ধিত মোবাইলের সিম ব্যবহার করে অবৈধ ভিওআইপি ব্যবসার হার ছিল ৩৫ শতাংশ। সিম নিবন্ধনের কারণে এই হার ২৫ শতাংশ কমে ১০ শতাংশে নেমে এসেছে।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তারানা হালিম জানান, বায়োমেট্রিক নিবন্ধনের ফলে মোবাইলে হুমকি, সন্ত্রাসী কার্যকলাপ কমে এসেছে। পাশাপাশি জনশৃঙ্খলা, নিরাপত্তা বেড়েছে।
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের ফলে অপরাধীরা আইনের আওতায় আসছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সহজেই তাদের চিহ্ণিত করতে পারছে বলে উল্লেখ করেন তারানা হালিম।
এ সময় উদাহরণ হিসেবে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী রিশার হত্যাকারীকে গ্রেপ্তারের কথা উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, রিশার মা অভিযুক্ত ব্যক্তির নাম উল্লেখ করে মামলা করেন। পরে অভিযুক্ত ওবায়দুলের নিবন্ধিত সিমের সূত্র ধরে পুলিশ সাত দিনের মধ্যে তাঁকে আটক করে বলে জানান তিনি।
