সিটিনিউজবিডি : চট্টগ্রামে গ্যাসের অপচয় রোধে প্রিপেইড মিটার বসাবে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। আগামী বছরের শুরুর দিকে পর্যায়ক্রমে এই সেবা দেয়া হবে নগরীর ৬০ হাজার গ্রাহককে। এই পদ্ধতিতে গ্যাস সংকট নিরসনের পাশাপাশি উপকৃত হবে গ্রাহকরা। সরকার ও জাপানি সংস্থা জাইকার অর্থায়নে এই প্রকল্পে ব্যয় হবে ২ শ’ ৪৭ কোটি টাকা।
রান্না হোক বা নাই হোক বাসাবাড়িতে গ্যাসের চুলা জালিয়ে রাখা নতুন কিছু নয়। এমনকি গ্যাস পুড়িয়ে কাপড় শুকানোর দৃশ্যও চোখে পড়ে হর হামেশা। ব্যবহার কম বা বেশি যাই হোক গ্রাহককে মাস শেষে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয় বলে বাসাবাড়ি থেকে কলকারখানা সব যায়গায় হরদম চলে জাতীয় সম্পদ গ্যাস অপচয়ের মহোৎসব। এ অবস্থায় গ্যাসের অপচয় ঠেকাতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি চট্টগ্রাম বসাতে যাচ্ছে গ্যাসের প্রিপেইড মিটার।
গ্রাহকরা বলেন, যত টাকা ঢুকানো হবে ততখানি গ্যাস ব্যবহার হবে। এতে গ্যাস খরচ কম হবে বলে জানান তারা।
প্রিপেইড পদ্ধতিতে নির্দিষ্ট বুথে গিয়ে দেয়া কার্ডটিতে ঢুকাতে হবে টাকা। আর বাড়ির আঙ্গিনায় বসানো মিটারে কার্ডটি রিচার্জ করলেই টাকার পরিমাণে পাওয়া যাবে গ্যাস। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড প্রকল্প পরিচালক প্রকৗশলী খায়েজ আহম্মদ মজুমদার বলেন, মিটার ইনস্টলেশনের সঙ্গে সঙ্গে একটি কার্ড দেয়া হবে। কার্ড রিচার্জ করলে গ্যাস পাওয়া যাবে।
এদিকে এই পদ্ধতি গ্রাহক বান্ধব উল্লেখ করে এর নানা সুবিধার কথা জানালেন তিনি। প্রকৗশলী খায়েজ আহম্মদ মজুমদার বলেন, প্রায় ছয় লক্ষ আবাসিক গ্রাহক রয়েছে। সবাইকে মিটার সিস্টেমে আনতে পারলে গ্যাস খরচ অনেক কমে যাবে বলে মনে করেন তিনি।
চট্টগ্রামে আবাসিক বাণিজ্যিক মিলে গ্রাহক সংখ্যা ৬ লাখ। প্রাথমিকভাবে আগামী বছরের শুরুতে নাসিরাবাদ ও খূলশী আবাসিক এলাকায় বসানো হবে তিন হাজার গ্যাসের প্রিপেইড মিটার। পর্যায়ক্রমে চাঁন্দগ্ওা, খুলশী ও চকবাজারসহ নগরীর ৬০ হাজার গ্রাহক আসবে এই সেবার আওতায়।
