অনলাইন ডেস্ক : খাদিজা বেগম নার্গিস হত্যাচেষ্টা মামলায় বহিষ্কৃত শাবি ছাত্রলীগ নেতা বদরুল আলমকে একমাত্র আসামি করে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে পুলিশ।
আজ (৮ নভেম্বর) মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হারুনুর রশীদ আদালতে চার্জশিট দাখিল করেন।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসএমপি’র শাহপরাণ থানার এসআই মো. হারুনুর রশীদ জানান, এ মামলায় ৩৬ জনকে সাক্ষী রাখা হয়েছে। মামলা দায়েরের ৩৫ দিনের মাথায় আদালতে চার্জশিট দাখিল করা হল।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর এমসি কলেজ ক্যাম্পাসে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে বহিষ্কৃত শাবি ছাত্র ও শাবি ছাত্রলীগের সহ সম্পাদক বদরুল আলম।
হামলার পরপরই বদরুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন এমসি কলেজের শিক্ষার্থীরা। গত ৪ অক্টোবর এ ঘটনায় নগরীর শাহপারাণ থানায় মামলা দায়ের করেন খাদিজার চাচা আবদুল কুদ্দুস। গত ৫ অক্টোবর আদালতে জবানবন্দি দেন বদরুল। হামলার পর খাদিজাকে উদ্ধার করে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
