সিটিনিউজবিডি : জন্মদিনে হুমায়ূন আহমেদকে শ্রদ্ধা জানাতে, তার কবরে পুস্পস্তবক অর্পণে নুহাশপল্লীতে মানুষের ঢল নেমেছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরের নুহাশপল্লীতে আজ রোববার পালিত হচ্ছে জনপ্রিয় এই লেখকের ৬৮তম জন্মবার্ষিকী।
এ উপলক্ষে শনিবার রাতে নূহাশপল্লীতে মোমবাতি প্রজ্বলন করা হয়। আজ ভোরে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ছেলে নিষাদ ও নিনিতকে নিয়ে নুহাশ পল্লীতে আসেন। সকাল সোয়া ৯ টার দিকে শাওন ছেলে নিষাদ ও নিনিতকে নিয়ে হুমায়ূন আহমেদের কবরে পুস্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ করেন ও মোনাজাতে অংশ নেন। পরে কাটা হয় জন্মদিনের কেক। এসব অনুষ্ঠানে নুহাশ পল্লীর কর্মচারিরাও অংশ নেন।
সকাল ১০টার দিকে হুমায়ূন আহমেদের ভাই ড. জাফর ইকবাল, কার্টুনিস্ট আহসান হাবীব এবং তিন বোন সুফিয়া হায়দার, মমতাজ শহীদ, রোকসানা আহমেদসহ তাদের পরিবারের সদস্যরা নুহাশপল্লীতে আসেন এবং কবর জিয়ারত করেন।
এদিকে সকাল থেকেই হুমায়ূন আহমেদের ভক্তরা নুহাশপল্লীতে আসছেন। তাদের অনেকেই প্রিয় লেখকের কবরে ফুল দেন এবং নিশ্চুপ দাঁড়িয়ে থেকে তার আত্মার মাগফিরাত কামনা করেন। আবার অনেকে ঘুরে ঘুরে দেখচ্ছেন নুহাশ পল্লী।
উল্লেখ্য, লেখক হুমায়ুন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই ৬৪ বছর বয়সে আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে ২৪ জুলাই গাজীপুরের হোতাপাড়া এলাকায় নুহাশ পল্লীর লিচুগাছ তলায় প্রয়াত হুমায়ুন আহমেদের মরদেহ দাফন করা হয়।
হুমায়ূন আহমেদের কবর জিয়ারত শেষে মোনাজাতে অংশ নেন ভাই ড. জাফর ইকবাল, আহসান হাবীব ও ৩ বোন
কেন্দুয়া : নেত্রকোনা থেকে প্রতিনিধি ইকবাল হাসান জানান, হুমায়ুন আহমেদের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ তার গ্রামের বাড়ী নেত্রকোণার কেন্দুয়ার কুতুবপুরে প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান, দিবসটি উদযাপন উপলক্ষ্যে আজ দুপুরে হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে মাল্যদান, কোরআন খতম, বর্ণাঢ্য র্যালি, শহীদ স্মৃতি বিদ্যাপীঠে আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
