সিটিনিউজবিডি : বিশ্ব ডায়াবেটিস দিবস ২০১৬ উপলক্ষে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গনে সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও ফেষ্টুন উড়িয়ে উদ্বোধনের পর সকাল ১০.১৫ টায় সমিতির সভাপতি ডাঃ ছৈয়দুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় “অন্ধত্ব এড়াতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন”।
সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন বলেন, বর্তমানে ডায়াবেটিক হাসপাতাল চট্টগ্রামের জন্য একটি মডেল হাসপাতালে পরিণত হয়েছে। ডায়াবেটিক হাসপাতালকে ডায়াবেটিক কলেজে রূপান্তরে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
তিনি ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরীর কর্ম দক্ষতার ভূয়সী প্রশংসা করে বলেন, ডায়াবেটিক হাসপাতাল সহ অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠান সমূহে তার মতো কর্মদক্ষতা সম্পন্ন সমাজসেবকের প্রয়োজন।
তিনি আরো বলেন, চট্টগ্রাম আমার না, আমাদের। তাই চট্টগ্রামের উন্নয়নের পাশাপাশি দেশের দ্বিতীয় বৃহত্তম চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে।
স্বাগত বক্তব্যে সমিতির সাধারন সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী বলেন, ইনসুলিন ফাউন্ডার মিঃ বেনসিন এর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এই দিনে জাতিসংঘ বিশ্বের প্রায় ১৬০টিরও বেশী দেশে প্রতি বছর আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করে। ডায়াবেটিসের ভয়াবহতা প্রতিরোধ করার জন্যই একজন ডায়াবেটিক রোগীকে ডায়াবেটিক রোগ ছাড়াও চোখের উপর গুরুত্ব দিতে হবে। নিয়মিতভাবে চক্ষু পরীক্ষার মাধ্যমে চোখের অবস্থান কিরকম আছে তা জেনে রাখতে হবে। চট্টগ্রামের মানুষ যাতে সকল প্রকার চিকিৎসা সেবা পায়, সেই লক্ষ্যে ডায়াবেটিক হাসপাতাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, রোগীদের সুবিধার্থে হাসপাতালের আউটডোর বিভাগ, ইনডোর বিভাগ এবং আইসিইউ/সিসিইউ বিভাগের মাধ্যমে রোগী সেবা চলমান রয়েছে। কারণ রোগী সেবাই আমাদের পরম পাওয়া। যাদের অনুদানে আজ ডায়াবেটিক হাসপাতাল পূর্ণতা পেয়েছে তাদের অবদানকে তিনি কৃতজ্ঞতার সহিত স্মরণ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারী লিঃ এর চেয়ারম্যান জনাব শামসুল আলম শামীম বলেন, ডায়াবেটিস হাসপাতাল এখন পরিপূর্ণ হাসপাতাল। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে মানব কল্যাণমুখী যে কোন কাজে অগ্রগতি সম্ভব। তিনি হাসপাতালের গরীব ও অসহায় রোগীদের চিকিঃসার্থে ব্যক্তিগত তহবিল থেকে দশ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদানের ঘোষণার পাশাপাশি ডায়াবেটিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য পূর্বের ন্যায় ভূমি প্রদানের আশ্বাস প্রদান করেন।
সমিতির কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন এর পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ্ব এস এম শওকত হোসেন, নির্বাহী সদস্য মিসেস আবিদা মোস্তফা, জীবন সদস্য মোঃ রাকিবুল ইসলাম।
উপস্থিত ছিলেন সহ-সভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক ইঞ্জিঃ জাবেদ আবছার চৌধুরী, নির্বাহী সদস্য ডাঃ মোঃ পারভেজ ইকবাল শরীফ, এডভোকেট চন্দন কুমার তালুকদার, নিজাম উদ্দিন মাহমুদ হোসেন, আলহাজ্ব শাহাজাদা মোঃ এনায়েত উল্লাহ খান, সৈয়দ মোর্শেদ হোসেন, মোঃ হাসান মুরাদ, মোঃ শাহনেওয়াজ, মোঃ শহীদুল্লাহ, হাসপাতাল পরিচালক ডাঃ নওশাদ আহমেদ খান এবং পুষ্টিবিদ হাসিনা আকতার লিপি।
সভার সভাপতি ডাঃ ছৈয়দুর রহমান চৌধুরী বিশ্ব ডায়াবেটিস দিবসের বাণী সমাজের বিভিন্ন প্রচার মাধ্যমে ব্যাপকভাবে প্রচারের আহবান জানান এবং বিশ্ব ডায়াবেটিস দিবসের কর্মসূচী সমূহ সাফল্যমন্ডিত করণে সহযোগীতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে সমিতির মনোগ্রাম খচিত ক্রেষ্ট প্রদান করা হয়।
