বিনোদন : শোবিজ অঙ্গনের আলোচিত নাম নাজনীন আক্তার হ্যাপি। গত দুই বছর ধরে বিভিন্ন কারণে সংবাদের শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী। কাজের মাধ্যমে যতটা আলোচনায় এসেছেন, তার চেয়ে বেশি সমালোচিত হয়েছেন ক্রিকেটার রুবেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে। এবার এই অভিনেত্রীকে চলচ্চিত্রের পর্দায় নাচতে দেখা যাবে।
‘স্বপ্নছোয়া’র পর শফিক হাসান নির্মাণ করেছেন ‘ধূমকেতু’ শিরোনামের সিনেমা। এতে একটি আইটেম গানে নেচেছেন হ্যাপি। গতকাল ১৪ নভেম্বর এ সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়েছে। সেন্সর বোর্ড সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি দিয়েছে।
মুন্নি প্রোডাকশনের ব্যানারে ত্রিভুজ প্রেমের কাহিনি নির্ভর সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা পরীমনি। এ ছাড়াও এতে অভিনয় করেছেন, তানহা, রেবেকা, অমিত হাসান, দিতি ও আলিরাজসহ অনেকে।
সিনেমাটিতে ছয়টি গান থাকছে। এ ছাড়া একটি আইটেম গানও রয়েছে। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন, আহমেদ হুমায়ুন। কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, কিশোর, খেয়া, পিংকি, জোজো (ভারত)। সিনেমার চিত্রনাট্য, কাহিনি ও সংলাপ লিখেছেন মুনির রেজা।
