সিটিনিউজবিডি : ভিসা ফি নিয়ে সমালোচকদের উদ্বেগের জবাবে সৌদি আরবে বিদেশিদের বিনিয়োগ প্রক্রিয়া সুগম করতে চালু হওয়া নতুন ভিসা বিনিয়োগে বাধা হবে না বলেছেন, সৌদি বাণিজ্যমন্ত্রী মাজিদ আল কাসাবি ।
বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে তার মুখপাত্রের বিবৃতিতে বলা হয়, বাণিজ্যমন্ত্রী নিশ্চিত করেছেন যে, সৌদি আরবে প্রবেশ ভিসার ফি দেশটিতে বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে প্রভাব ফেলবে না।
বিবৃতিতে আরও বলা হয়, বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা এখন থেকে সর্বোচ্চ দুই বছরের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা পাবেন। এর ফলে তারা প্রয়োজন মতো বারবার সৌদি আরবে আসা-যাওয়া করতে পারবেন। এর আগে দেশটিতে মাল্টিপল ভিসার মেয়াদ ছিল এক বছর।
ভিসা কনসালটেন্ট বার্তা সংস্থা এএফপিকে বলেন, এক বছর বা দুই বছরের ভিসার জন্য যথাক্রমে ৫ হাজার ও ৮ হাজার রিয়েল (১ হাজার ৩৩৩ ও ২ হাজার ১৩৩ মার্কিন ডলার) দিতে হবে।
তিনি আরো জানান, একবার সৌদি আরবে প্রবেশ করার জন্য ২ হাজার রিয়াল দিতে হবে, যা আগের চেয়ে কয়েক গুণ বেশি।
কূটনৈতিক ও অন্যান্য সূত্রগুলো এর আগে বার্তা সংস্থা এএফপিকে বলেছিল, নতুন ফি সৌদি আরবের তেল-নির্ভর অথনীতিকে রূপান্তরে প্রয়োজনীয় বৈদেশিক বিনিয়োগকে বাধাগ্রস্ত করার ঝুঁকিতে ফেলবে। -বাসস।
