সিটিনিউজবিডি : আজ ১৯ নভেম্বর জনপ্রিয় সঙ্গীত শিল্পী সঞ্জীব চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী। ২০০৭ সালের আজকের দিনে মাত্র ৪২ বছর বয়সে মারা যান এই গুনী ব্যাক্তি। একাধারে তিনি ছিলেন কবি, সাংবাদিক, গীতিকার, সুরকার, গায়ক এবং সংগঠক। দলছুট স্রষ্টা হিসেবে রয়েছে তার সবচেয়ে জনপ্রিয় পরিচয়।
১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জের মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর জন্ম হবিগঞ্জে হলেও তাঁর মূল বাড়ি সিলেট জেলার বিশ্বনাথ থানার দশঘর গ্রামে। শরীরে জমিদার বংশের রক্ত থাকার পরও সঞ্জীব চৌধুরী একজন সাধারণ মানুষের মতোই নিজের কর্ম ও সাধনায় নিজেকে বিলিয়েছিলেন।তাঁর বাবার নাম গোপাল চৌধুরী এবং মা প্রভাষিনী চৌধুরী।
সঞ্জীব চৌধুরী ছিলেন অনেক মেধাবী ছাত্র। হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করে নবম শ্রেণীতে এসে ভর্তি হন ঢাকার বকশী বাজার নবকুমার ইন্সটিটিউটে । এখান থেকেই ১৯৭৮ সালে মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় ১২তম স্থান অর্জন করেন। ১৯৮০ সালে তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেও স্থান করে নেন মেধা তালিকায়। এর পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা’ বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
ঢাকা কলেজে পড়ায় সময় তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আরও গভীর ভাবে জড়িয়ে পরেন এবং হয়ে উঠেন ছাত্র ইউনিয়নের জন্য নিবেদিত প্রাণ।তিনি এ সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।
