মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি : বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য হয়েছে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার। ৮১ সদস্য বিশিষ্ট কমিটিতে পার্বত্যাঞ্চল থেকে শুধুমাত্র দীপংকর তালুকদারই ঠাঁই পেয়েছেন। এর আগে গত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বান্দরবানের সংসদ সদস্য ও পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। এবার তাঁকে কোনও পদবিতে রাখা হয়নি।
এদিকে দীপংকর তালুকদারকে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সদস্য রাখায় দলের নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে আনন্দ ও উচ্ছ্বাস। কার্যনির্বাহী কমিটির তালিকায় প্রিয় নেতার নাম দেখে নেতাকর্মীরা বিভিন্নভাবে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। কেউ কেউ তাঁর বাসায় গিয়ে আবার কেউ ফোনে আবার কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁকে অভিনন্দন জানিয়েছেন। একইসাথে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। ছাত্রলীগের উদ্যোগে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
এর আগেও তিনি কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সম্পাদকমন্ডলীরও সদস্য ছিলেন।
রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর বলেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে দীপংকর তালুকদারকে মনোনীত করায় জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
দীপংকর তালুকদার কেন্দ্রীয় সদস্য হওয়ার পরে রাঙামাটিতে আসলে তাকে গণ সংবর্ধনার মাধ্যমে সম্মান জানানো হয়। তার কেন্দ্রীয় সদস্য পদ পাওয়াটা রাঙামাটির রাজনৈতিক মাঠে মোড় নিবে বলেও স্থানীয় নেতৃবৃন্দরা আশা করেন।
