সিটিনিউজবিডিঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৫ জনের বিরুদ্ধে পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগের মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান মঙ্গলবার এ দিন ধার্য করেন।
ফখরুল অসুস্থ থাকায় তার আইনজীবী এ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠন শুনানি পিছানোর জন্য সময়ের আবেদন করেন। মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ১২ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বক্তব্যে কাউকে গাড়ি নিয়ে রাস্তায় বের না হওয়ার হুমকি দেন। তার হুমকির পরিপ্রেক্ষিতে ওই দিন কলাবাগান থানা এলাকার পদ্মা জেনারেল হাসপাতালের সামনে সোনারগাঁও রোড়ে ৩০-৪০ জন বিএনপি ও জামায়াতকর্মী পুলিশের কর্তব্যকাজে বাধা ও ইটপাটকেল নিক্ষেপ করে পথযাত্রীকে আহত করে। এ ঘটনার দিন কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ সিকদার বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০১৪ সালের ২০ অক্টোবর কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আদালতে মির্জা ফখরুলসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
