সিটিনিউজবিডি : নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বাসিন্দা জালাল উদ্দিন সুলতান (৪৬) নামে এক ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে ডবলমুরিং থানা পুলিশ।
আজ রোববার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম জানান ,মনে হয় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ।
জালাল উদ্দিন সুলতান আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ৯ নম্বর সড়কের সুলতান আহমদের ছেলে। নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ লাশ উদ্ধার করেছে পুলিশ । বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে জড়িত জালালের আগ্রাবাদে একটি অফিস রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে জালাল আগ্রাবাদে অফিসে যান। দুপুর ২টার দিকে ভাত খাওয়ার জন্য অফিস থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছিল।
রোববার সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ২৯ নম্বর সড়কের শেষ প্রান্তে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা উদ্ধার করা হয়।
ওসি একেএম মহিউদ্দিন সেলিম বলেন, বস্তা খুলে হাত-পা বাঁধা অবস্থায় জালাল উদ্দিনকে পাওয়া গেছে। তার গলায় শ্বাসরোধের চিহ্ন আছে,লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ।
