সিটিনিউজবিডি : চট্টগ্রাম জেলা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদকে লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে এ নির্দেশ দেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, রশিদুল আলম, সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, এ কে এম এনামূল হক শামীম, খালিদ মোহাম্মদ চৌধুরী, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।
গত শনিবার গণভবনে বসে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকবিরোধী কর্মকাণ্ড ও সরকারের বিভিন্ন উন্নয়ন বিষয়ে চট্টগ্রাম বিভাগের নাগরিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে লালদিঘির মাঠে মঞ্চের সামনে থাকা ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছিলেন। এ সময় মোসলেম উদ্দিন টিভি ক্যামেরার সামনে এগিয়ে গেলে তাকে লাঞ্ছিত করা হয়।
ওবায়দুল কাদের চট্টগ্রামের এ ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে খোঁজ নিয়ে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বৈঠক থেকেই তিনি টেলিফোনে মোসলেম উদ্দিন আহমদের সঙ্গে কথা বলেন। ঘটনার সঙ্গে জড়িতদের দলীয় পরিচয়সহ নাম উল্লেখ করে অভিযোগ আকারে কেন্দ্রে পাঠাতে মোসলেম উদ্দিনকে নির্দেশ দেন ওবায়দুল কাদের। পাশাপাশি তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ফোন করে চট্টগ্রামের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
