সিটিনিউজবিডি : ইসি পুনর্গঠন নিয়ে বিএনপির দেওয়া প্রস্তাবগুলো রাষ্ট্রপতির কাছে পেশ করতে তার সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে চিঠি দিচ্ছে বিএনপি।
দলটি প্রত্যাশা করছে, রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতি বিএনপির প্রতিনিধি দলকে সাক্ষাতের সময় দিয়ে প্রস্তাবগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।
বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় তার পাশে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ ছিলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পেশ করার জন্য দলটির তিন সদস্যের একটি প্রতিনিধিদল যাতে তার সঙ্গে (রাষ্ট্রপতি) সাক্ষাৎ করতে পারেন, সেজন্য বিএনপি নেত্রীর একান্ত সচিব মো. সাত্তার রাষ্ট্রপতির সামরিক সচিবের সঙ্গে সাক্ষাৎকারের সময় চেয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত সামরিক সচিব এ বিষয়ে কিছু জানাননি।’
‘আমরা আজ আবার লিখিতভাবে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকারের সময় চেয়ে চিঠি দিচ্ছি। আমরা আশা করছি, রাষ্ট্রের অভিভাবক হিসেবে তিনি (রাষ্ট্রপতি) আমাদের প্রতিনিধিদলকে সাক্ষাতের সময় দেবেন এবং প্রস্তাবগুলি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে রাষ্ট্রপতি জাতিকে চলমান সংকট থেকে মুক্তি দেওয়ার জন্য উদ্যোগ গ্রহন করবেন।’
আগামী ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে কাজী রকিবউদ্দিন আহমেদ নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ। এই পরিস্থিতিতে গত ১৮ নভেম্বর শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল ওয়েস্টিনে নতুন নির্বাচন কমিশন গঠন ও শক্তিশালীকরণের প্রক্রিয়া নিয়ে বিএনপির ২০ প্রস্তাবনা ও সুপারিশ তুলে ধরেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।
তবে প্রস্তাবনাকে অন্তঃসারশূন্য আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করে বক্তব্য দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘সংবিধান অনুযায়ী সার্চ কমিটি গঠনের মাধ্যমেই নতুন ইসি গঠন হবে।’
